প্রধান খবর

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই মোতায়েন কার্যকর থাকবে।

সেনা মোতায়েনের আওতাভুক্ত এলাকাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ এবং চট্টগ্রাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ সংগঠনগুলোর সম্ভাব্য বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাসদস্য মোতায়েন করা হবে।

সংশ্লিষ্ট চিঠিতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর সারাদেশে মোতায়েন থাকা সেনাবাহিনীকে চলতি বছরের এপ্রিল মাস থেকে পর্যায়ক্রমে প্রত্যাহার করা শুরু হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট কয়েকটি এলাকায় পুনরায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *