প্রধান খবর

শিল্পী সমিতির নির্বাচনে আরমান-মুক্তি প্যানেলের পাশে বাপ্পারাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সরে দাঁড়ানো এই অভিনেতা মনোনয়নপত্র জমার দিনে এফডিসিতে উপস্থিত হয়ে আরমান-মুক্তি প্যানেলের প্রতি নিজের সমর্থনের বার্তা দিয়েছেন।

সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এফডিসিতে উপস্থিত হয়ে বাপ্পারাজ জানান, তিনি নিজে প্রার্থী না হলেও তার গড়া প্যানেলের মনোনয়নপত্র জমা দিতেই সেখানে এসেছেন। তিনি বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও আরমান-মুক্তি প্যানেলের সঙ্গে তিনি রয়েছেন এবং তাদের জন্য শুভকামনা অব্যাহত থাকবে।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তিও বাপ্পারাজের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বাপ্পারাজের সমর্থন তাদের প্যানেলের জন্য উৎসাহব্যঞ্জক।

শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে শুরুতে সভাপতি পদে বাপ্পারাজের নাম ঘোষণা করা হলে শিল্পীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। তবে পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে তার পরিবর্তে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন চলচ্চিত্রের সিনিয়র ফাইট ডিরেক্টর, অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরমান।

আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *