দীর্ঘ দুই বছর পর আবারও ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এর আগে আলোচিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রশংসা অর্জন করেছিলেন তিনি। এবার নতুন চরিত্রে থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ দেখা যাবে এই অভিনেতাকে।
সালেহ সোবহান অনীম পরিচালিত আট পর্বের সিরিজটিতে অপূর্ব অভিনয় করেছেন অনুসন্ধানী সাংবাদিক জহির চরিত্রে। আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে সিরিজটি। সম্প্রতি প্রকাশিত ট্রেলার ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করেছে।
গল্পে সত্য অনুসন্ধানের পথে নানা প্রতিবন্ধকতা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং সমাজের অন্ধকার বাস্তবতার মুখোমুখি হতে দেখা যাবে জহিরকে। একই সঙ্গে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক ও মানবিক সংকটের নানা দিকও উঠে এসেছে কাহিনিতে।
চরিত্রটি সম্পর্কে অপূর্ব বলেন, জহির একটি বহুস্তরীয় চরিত্র, যার বিভিন্ন আবেগ ও বাস্তবতার প্রতিফলন গল্পের বিভিন্ন পর্যায়ে দেখা যাবে। এমন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি।
এদিকে ‘হেডলাইন’ সিরিজের মাধ্যমে প্রায় তিন বছর পর ওটিটিতে ফিরছেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। অপূর্ব ও বিন্দুর পাশাপাশি সিরিজটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি ও আরিফিন জিলানীসহ আরও অনেকে।

