প্রধান খবর

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কে নতুন সম্ভাবনার বার্তা

মালয়েশিয়ায় প্রথম সরকারি বিদেশ সফরে গিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে পৌঁছে তিনি উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য মালয়েশিয়া সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি এবং সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। বিদ্যমান যৌথ কমিশন ও কূটনৈতিক পরামর্শ কাঠামোর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারেও উভয় পক্ষ একমত হয়।

প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। তিনি বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার ব্যবসায়ী মহলের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিক, শিক্ষার্থী ও পেশাজীবীদের দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন।

বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।

সফরকালে কয়েকটি দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষর ও বিনিময়কে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে। তিনি সুবিধাজনক সময়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *