প্রধান খবর

কেপ ভার্দের রূপকথা অব্যাহত: উরুগুয়েকে থামিয়ে দ্বিতীয় ম্যাচেও লড়াই

শুরুতে এগিয়ে গিয়েও প্রথমার্ধে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা আফ্রিকার দেশ কেপ ভার্দে। কিন্তু থেমে যায়নি তারা। বরং সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের পর এবার ফুটবল পরাশক্তি উরুগুয়ে কেও আটকে দিয়ে দেখাল লড়াকু ফুটবলের আসল রূপ। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ ‘এইচ’-এর রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয়েছে ২-২ সমতায়।

প্রথমার্ধেই ম্যাচ জমে ওঠে। ২১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে কেভিন পিনার দুর্দান্ত ফ্রি কিক উরুগুয়ের জালে জড়ালে রূপকথার সূচনা হয় কেপ ভার্দের। দেশের ফুটবল ইতিহাসে এটি তাদের প্রথম বিশ্বকাপ গোল।

তবে বিরতির ঠিক আগে উরুগুয়ে ম্যাচ ঘুরিয়ে দেয়। ৪৪ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহো এবং যোগ করা সময়ে (৪৫+৫) আগুস্তিন কানোপিওর ব্যাক-টু-ব্যাক গোল লা সেলেস্তেদের ২-১ ব্যবধানে এগিয়ে দেয়।

বিরতির পর লিড ধরে রাখতে মরিয়া উরুগুয়ে আক্রমণ চালালেও কেপ ভার্দের জমাট রক্ষণভাগ ভাঙতে পারেনি। উল্টো ৬১ মিনিটে হেলিও ভারেলার গোল উরুগুয়েকে স্তব্ধ করে দেয়। শেষ পর্যন্ত দুই দলই ২-২ সমতায় মাঠ ছাড়ে।

বিশ্বমঞ্চে প্রথমবার খেলতে নেমে স্পেনের পর উরুগুয়েকেও আটকে দেওয়া কেপ ভার্দের এই লড়াকু ফুটবল এখন বিশ্বকাপের অন্যতম আলোচনার বিষয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *