প্রধান খবর

মাঠ থেকে যুদ্ধক্ষেত্র, সবখানেই আমাদের লড়াই সম্মান রক্ষার : আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন, যেখানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত স্কুলছাত্রীদের ছবির পাশে ফুটবল বিশ্বকাপের চিত্র তুলে ধরা হয়েছে। এই প্রতীকী ছবির মাধ্যমে তিনি দেশের মর্যাদা রক্ষার বৈশ্বিক লড়াইকে ফুটিয়ে তুলেছেন।

পোস্টে আরাগচি লিখেছেন, “ফুটবল পিচ থেকে শুরু করে আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্র—ইরানি হিসেবে আমাদের প্রতিটি পদক্ষেপই একটি বৃহত্তর সংগ্রামের অংশ; আর তা হলো আমাদের প্রিয় জনগণের সম্মান ও মর্যাদা রক্ষা করা।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বার্তাটি এমন এক সময়ে সামনে এলো, যখন সুইজারল্যান্ডে চলমান মার্কিন-ইরান কূটনৈতিক আলোচনায় মধ্যস্থতাকারীরা উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছেন। একই সময়ে ফুটবল বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে ড্র করেছে ইরান জাতীয় দল। মাঠের এই সাফল্য এবং কূটনৈতিক টেবিলের টানাপোড়েনের মধ্যেই তিনি দেশবাসীকে এই বার্তা দিলেন।

উল্লেখ্য, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরুর প্রথম দিন অর্থাৎ গত ২৮ ফেব্রুয়ারি দেশটির মিনাব এলাকার ‘শাজারেহ তাইয়্যেবাহ গার্লস স্কুল’-এ চালানো ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৬০ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে অধিকাংশ ছিল অবুঝ স্কুলছাত্রী ও তাদের শিক্ষক। সেই নির্মম ঘটনা এবং বর্তমান যুদ্ধ পরিস্থিতির মেলবন্ধন টেনেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই আবেগঘন ও শক্ত বার্তা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *