রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেল পৌনে তিনটার দিকে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে উড্ডয়ন করে।
প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বিদেশ সফর। ছয় দিনের এই সফরে তিনি ২১-২২ জুন মালয়েশিয়া এবং ২৩-২৬ জুন চীন সফর করবেন। সফর শেষে ২৬ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। কূটনৈতিক মহল মনে করছে, ঢাকা-কুয়ালালামপুর-বেইজিংয়ের এই ত্রিমুখী সফর দুই দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করবে।
কূটনৈতিক সূত্র জানায়, মালয়েশিয়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে শ্রমবাজার পুনরায় চালু, বাংলাদেশি কর্মী নিয়োগ, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে থাকবে। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে বাংলাদেশ আশাবাদী।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। এর মধ্যে রয়েছে প্রায় ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল। চীনের সঙ্গে অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
এই সফরকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

