আন্তর্জাতিক বাজারে শুক্রবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ০ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। দিনের শুরুতে দাম ০ দশমিক ৯ শতাংশ কমে গেলেও পরে তা ঘুরে দাঁড়ায়। যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের কার্যকারিতা নিয়ে বিনিয়োগকারীদের বিশ্লেষণের পর বাজারে এই অস্থিরতা দেখা দেয়। আগস্ট সরবরাহের জন্য ব্রেন্ট ফিউচারের দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৩৭ ডলার, যা বুধবারের পর প্রথমবারের মতো ৮০ ডলার ছাড়িয়েছে।
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হওয়ায় দাম কিছুটা কমলেও লেবাননে ইসরায়েলের হামলায় ১৬ জন নিহত হওয়ার পর পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। আল জাজিরা জানায়, এই হামলা যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিকে হুমকির মুখে ফেলেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দক্ষিণ ইসরায়েলে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের চার সেনা নিহত হয়েছে।
লেবাননে উত্তেজনা বাড়ায় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের মধ্যে পূর্বনির্ধারিত একটি বৈঠক বাতিল করা হয়েছে। যদিও হরমুজ প্রণালি এখনো জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবুও ট্রাফিক আগের তুলনায় অনেক কম। আগে প্রতিদিন ১২০ থেকে ১৩০টি জাহাজ চলাচল করলেও বর্তমানে ৫০০–এর বেশি জাহাজ উপসাগর পাড়ি দেওয়ার অপেক্ষায় রয়েছে।
জাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার জানায়, বৃহস্পতিবার সৌদি আরবের পতাকাবাহী তিনটি সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। কয়েক সপ্তাহ ট্রান্সপন্ডার বন্ধ রাখার পর তারা আবার অবস্থান জানান দিতে শুরু করেছে। শিপ ট্র্যাকিং ডেটা বলছে, হংকংয়ের পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘তং লিন ওয়ান’ এবং ফ্রান্সের এলএনজি ট্যাঙ্কার ‘মরাইখ’ও প্রণালি পাড়ি দিয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। সিউলের কোস্পি সূচক লেনদেন শুরুর পরপরই ২ দশমিক ৫ শতাংশের বেশি বেড়ে সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, পরে ১ দশমিক ৮ শতাংশ পড়ে যায় এবং শেষ পর্যন্ত ০ দশমিক ৮ শতাংশ লাভ নিয়ে দিন শেষ করে। টোকিওর নিক্কেই ২২৫ সূচক শুরুতে ০ দশমিক ৬ শতাংশ বাড়লেও শেষ পর্যন্ত ০ দশমিক ০৮ শতাংশ লোকসানে লেনদেন শেষ হয়েছে।

