বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের (১১.৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, যা আগের দামের তুলনায় ভরিপ্রতি ৪ হাজার ৩৭৪ টাকা কম। গতকাল এই দামের পরিমাণ ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও সমন্বয় করেছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। ২১ ক্যারেটের রুপা ভরিপ্রতি ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা, এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা।
শুক্রবার (১৯ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুস জানায়, সকালে স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে স্বর্ণ-রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।

