যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস বিমানঘাঁটির কাছে বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়নের সময় উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে।
মার্কিন বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, বিমানটিতে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও প্রাথমিক মূল্যায়নে এটিকে ‘বেঁচে থাকার সম্ভাবনাহীন’ দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে মার্কিন বিমানবাহিনী। প্রাথমিকভাবে বিমানটির প্রযুক্তিগত বা উড্ডয়ন-সংক্রান্ত ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে।
বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার অন্যতম কৌশলগত বোমারু বিমান। ১৯৫০-এর দশক থেকে ব্যবহৃত এই বিমান পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম। আধুনিকায়নের মাধ্যমে বিমানটির কার্যক্রম আগামী কয়েক দশক পর্যন্ত অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

