প্রধান খবর

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে অস্ট্রেলিয়া বিএনপির গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়ার, উদ্যোগে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুন (রবিবার) অনুষ্ঠিত এই সভায় প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং কেন্দ্রের নীতিনির্ধারণী নির্দেশনা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছানের সুচারু সঞ্চালনায় সভায় প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, প্রথম সহ-সভাপতি এস এম নিগার এলাহী চৌধুরী, সহ-সভাপতি মোবারক হোসেন ও বেলাল হোসেন ঢালীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কর্মী সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খাইরুল কবির পিন্টু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম খালেদ এবং যুবদলের সভাপতি ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিন। এছাড়া নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইরফান খান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রায়হান হাসনাত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কুদ্দুসুর রহমান, প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা, মহিলা সম্পাদক তাসলিমা কবির, সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান সর্দার মামুন, আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোমিনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় অংশ নেন।

উন্মুক্ত ও প্রাণবন্ত এই আলোচনায় বক্তারা সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত করা এবং প্রবাসী নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা কীভাবে আরও কার্যকর করা যায়, তা নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে স্পষ্ট করে বলেন, “দলের কেন্দ্রীয় কমিটির সকল নির্দেশনা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে এবং সেগুলোর যথাযথ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।” সভায় উপস্থিত নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাজনৈতিক রূপরেখা প্রবাসে বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই কর্মী সভাটি আগামী দিনে অস্ট্রেলিয়ায় বিএনপির দলীয় ভিত্তিকে আরও বেগবান ও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *