প্রধান খবর

জনসেবায় অবহেলা করলে ছাড় নয়, সরকারি কর্মকর্তাদের সতর্কবার্তা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবা নিশ্চিত করার বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, জনগণের করের অর্থে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়, তাই জনসেবায় কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়।

রোববার (১৪ জুন) মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তারা রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, রাষ্ট্রীয় নীতিমালা বাস্তবায়নে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।

সভায় মাদকবিরোধী কার্যক্রমের ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, মাদকসেবীদের চেয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি তরুণ ও কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে, যাতে তারা মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে থাকতে পারে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, জেলা সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *