নোয়াখালীর চাটখিল পৌরসভার ভীমপুর এলাকার একটি বেদে পল্লীতে গড়ে ওঠা বিলাসবহুল আস্তানাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ববিতা আক্তার সুমাইয়া নামে এক নারী দীর্ঘদিন ধরে সেখানে মাদক কারবার পরিচালনা করে আসছেন এবং প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থার মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করছেন।
অভিযোগ অনুযায়ী, বাইরে থেকে সাধারণ কুঁড়েঘর মনে হলেও ভেতরে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। আস্তানাজুড়ে স্থাপন করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা। স্থানীয়দের দাবি, এসব ব্যবস্থার মাধ্যমে আগত ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করা হতো।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিচালিত এই অবৈধ কর্মকাণ্ডের কারণে স্থানীয় ছাত্র ও যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার ঘটছে। তারা মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ আস্তানা উচ্ছেদের দাবি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং অতীতেও তাকে কয়েকবার আটক করা হয়েছে। তবে জামিনে মুক্ত হয়ে পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সম্প্রতি তাকে আটকও করা হয়েছিল। অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

