ফুটবল বিশ্বকাপের মঞ্চে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে অনবদ্য এক জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২–১ ব্যবধানে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিয়েছে এশিয়ার পরাশক্তিরা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ভাগে দু–দলের আক্রমণ–পাল্টা আক্রমণে ম্যাচটি রূপ নেয় চরম উত্তেজনায়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে একাধিক সুযোগ তৈরি করেছিল দক্ষিণ কোরিয়া। বিশেষ করে দলের সবচেয়ে বড় তারকা সন হিউং–মিন প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেন। ম্যাচের ৪র্থ মিনিটে অফসাইডের ফাঁদে পড়ার পর ৮ম মিনিটে লি কাং–ইনের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সে ঢুকেছিলেন তিনি। কিন্তু চেকের ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেইচি ফাউল করে কোরিয়ান আক্রমণভাগকে থামিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিলেন সন; তবে গোলরক্ষককে একা পেয়েও ভারসাম্য হারিয়ে পা পিছলে পড়ে গেলে গোলবঞ্চিত থাকে কোরিয়া।
প্রথমার্ধের ডেডলক ভেঙে ম্যাচের ৫৯ মিনিটে চেক প্রজাতন্ত্রকে লিড এনে দেন দলের অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। ভ্লাদিমির কুফালের এক নিখুঁত লং থ্রো থেকে ডি–বক্সে চমৎকার হেডে কোরিয়ার জাল কাঁপান এই ডিফেন্ডার। ১–০ ব্যবধানে পিছিয়ে পড়ে আরও চড়াও হয়ে খেলতে শুরু করে দক্ষিণ কোরিয়া।
পিছিয়ে পড়ার মাত্র ৮ মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফেরায় এশিয়ার দলটি। ৬৭ মিনিটে চেকের রক্ষণভাগের ফাঁক গলে বক্সে ঢুকে পড়েন হোয়াং ইন–বম। চেক গোলরক্ষক ও ডিফেন্ডাররা তাকে বাধা দিতে এগিয়ে আসলে দারুণ এক চিপ শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান তিনি। ম্যাচের ৭৭ মিনিটে ফ্রি–কিক থেকে টমাস সৌচেক চেক প্রজাতন্ত্রের হয়ে বল জালে জড়ালেও রেফারি অফসাইডের কারণে গোলটি নাকচ করে দেন। এই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই, অর্থাৎ ৮০তম মিনিটে কোরিয়াকে জয়ের বন্দরে নিয়ে যান ওহ হিউয়ান–গিউ।
প্রথম গোলের নায়ক ইন–বম ডান প্রান্ত থেকে বক্সে এক দারুণ কাটব্যাক করেন, আর দ্রুত গতিতে ছুটে এসে নিখুঁত স্লাইড শটে বল জালে পাঠান হিউয়ান–গিউ। তার এই গোলেই ব্যবধান দাঁড়ায় ২–১।
ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে মিকাল স্যাডলিকের একটি জোরালো শট কোরিয়ান ডিফেন্ডার কিম–মিন জে দুর্দান্ত ব্লকে প্রতিহত করলে চেকের সমতায় ফেরার শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। ফলে ২–১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।

