জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। আর উদ্বোধনী ম্যাচের মাত্র নবম মিনিটেই বল জালে জড়িয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন মেক্সিকোর স্ট্রাইকার হুলিয়ান কিনিয়োনেস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক দেশের হয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলদাতার গৌরব অর্জন করেছেন এই ফরোয়ার্ড। শুধু তাই নয়, গত ২০ বছরের মধ্যে বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে দ্রুততম গোলের রেকর্ডও এখন তার দখলে।
ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে তুমুল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মেক্সিকো। ম্যাচের তৃতীয় মিনিটেই রাউল জিমিনেজের বা পায়ের জোরালো শট আফ্রিকান গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস ঠেকিয়ে দিলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় স্বাগতিকেরা। তবে মেক্সিকান সমর্থকদের বেশিক্ষণ অপেক্ষায় রাখেনি কিনিয়োনেনস। এর আগে ২০০৬ বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে জার্মানির ফিলিপ লাম ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করেছিলেন, যা উদ্বোধনী ম্যাচের দ্রুততম গোলের রেকর্ড। লামের পর কিনিয়োনেনসের এই নবম মিনিটের গোলটিই গত দুই দশকের মধ্যে দ্রুততম।
হুলিয়ান কিনিয়োনেনসের জন্ম মূলত কলম্বিয়ার মাগুই পাইয়ানে। সেখানে স্থানীয় একটি অপেশাদার ক্লাব ‘ফুতবল পাজ’-এ তার ফুটবলের হাতেখড়ি হয়েছিল। তবে পেশাদার খেলোয়াড় হিসেবে তার ক্যারিয়ারের যাত্রা শুরু হয় মেক্সিকোর ঐতিহ্যবাহী ক্লাব ‘তিগ্রেস’-এর হয়ে। এরপর তিনি মেক্সিকান লিগের ভেনাদোস, বুয়াপ, আতলাস এবং ক্লাব আমেরিকার মতো শীর্ষস্থানীয় দলগুলোতে দাপটের সঙ্গে খেলেন। পরবর্তীতে ২০২৪ সালে তিনি সৌদি প্রো লিগের ক্লাব ‘আল-কাদসিয়াহ’-তে যোগ দেন এবং বর্তমানে ক্লাবটির হয়েই মাঠ মাতাচ্ছেন।
ক্যারিয়ারের শুরুতে কলম্বিয়ার অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলে খেলার সুযোগ পেলেও দেশটির মূল জাতীয় দল থেকে দীর্ঘদিন অবহেলিত ছিলেন এই গোলমেশিন। ২০২৩ সালে যখন কলম্বিয়া জাতীয় দল শেষ পর্যন্ত তাকে দলে নেওয়ার ডাক দেয়, ততদিনে মেক্সিকোকে নিজের ফুটবলীয় বাড়ি বানিয়ে ফেলেছেন কিনিয়োনেনস। কলম্বিয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি মেক্সিকোর হয়ে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
ফুটবল বিষয়ক নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘ট্রান্সফারমার্কেট’-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৭ নভেম্বর মেক্সিকোর জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় কিনিয়োনেনসের। মেক্সিকোর নাগরিকত্ব পাওয়ার পর থেকেই দলটির আক্রমণভাগের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি।
এ পর্যন্ত মেক্সিকোর হয়ে ২৪টি ম্যাচ খেলেছেন এই ফুটবল তারকা। আর ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ঐতিহাসিক গোলটি সহ মেক্সিকোর হয়ে এটি ছিল তার চতুর্থ আন্তর্জাতিক গোল। কলম্বিয়ার অবহেলা যে মেক্সিকোর জন্য আশীর্বাদ হয়ে এসেছে, তা বিশ্বকাপের প্রথম ম্যাচেই প্রমাণ করে দিলেন হুলিয়ান কিনিয়োনেনস।

