বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে এখনও কয়েকদিন বাকি, কিন্তু বরিশালের বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ফুটবল উন্মাদনা। গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, লঞ্চঘাট এবং জনবহুল স্থানে শোভা পাচ্ছে শত শত আকাশি-সাদা পতাকা, আছে হলুদ পতাকাও । উপজেলা গুলো যেন পরিণত হয়েছে এক টুকরো ‘ফুটবল নগরীতে’।
চায়ের দোকান থেকে শুরু করে বাজার, ঘাট, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রিয় দলকে ঘিরে তর্ক-বিতর্ক, হাস্যরস আর সমর্থন প্রকাশের ঢেউ। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে কথার লড়াই এখন তুঙ্গে।
লঞ্চঘাট এলাকায় টানানো অসংখ্য আর্জেন্টিনার পতাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দেখা গেছে, যাত্রী চলাচলের সিঁড়ির দুই পাশে সারিবদ্ধভাবে টানানো হয়েছে শত শত পতাকা, যা দূর-দূরান্ত থেকে আগত যাত্রী ও দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। বিশ্বকাপকে ঘিরে এমন ব্যতিক্রমী সাজসজ্জা স্থানীয়দের পাশাপাশি বাইরের দর্শনার্থীদেরও আকর্ষণ করছে।
প্রতিদিনই সেখানে ভিড় করছেন শত শত আর্জেন্টিনা সমর্থক ও সাধারণ দর্শনার্থী। কেউ স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন, কেউবা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। স্থানীয়দের মতে, বিশ্বকাপ এলেই এ অঞ্চলে আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা অন্য মাত্রা পায়, আর এবারের আয়োজন সেই আবেগকে আরও উজ্জ্বল করে তুলেছে।

