প্রধান খবর

টাঙ্গাইলের গোপালপুরে সহিংসতা, ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টানা সহিংসতা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড এবং মাইকিং করে দ্বিতীয় দফায় হামলার ডাক দেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। তবে শুক্রবার সকালে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে নলীন বাজার ও জগৎপুরা এলাকায় নতুন করে হামলা, ভাঙচুর এবং ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র–শস্ত্র ও লাঠিসোঁটা হাতে মানুষজন অবস্থান নেওয়ায় জগৎপুরা ও গোলপেঁচা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বৃহস্পতিবার রাতের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর উত্তেজনা আরও বাড়ে। রাতেই গোপালপুর অংশের লোকজন মাইকিং করে দ্বিতীয় দফায় সহিংসতার ডাক দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১২টার পর গোপালপুর ও ভূঞাপুর উপজেলার প্রশাসন ১৪৪ ধারা জারি করে। সেই রাত থেকেই ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

শুক্রবার সকালে নলীন বাজারে হামলার পর জগৎপুরা এলাকায় ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে বেশ কয়েকটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। দুই উপজেলায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং দুই পক্ষই পুনরায় সংঘর্ষের প্রস্তুতি নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে নলীন বাজার, গোলপেঁচা ও জগৎপুরা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, ১৪৪ ধারা কার্যকর থাকবে এবং সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *