আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কার বিরল কীর্তি এবার গড়লেন নেপালের কুশাল ভুর্টেল। চীনের বিপক্ষে টানা ছয়টি ছক্কা মেরে তিনি যোগ দিলেন সেই বিশেষ ক্লাবে, যেখানে আছেন যুবরাজ সিং, কিয়েরন পোলার্ড, দীপেন্দ্র সিং আইরি, দারিউস ভিসে ও মানান বাশির।
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছয় ছক্কা মেরে ইতিহাস গড়েছিলেন যুবরাজ সিং। দীর্ঘ বিরতির পর ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একই কীর্তি করেন কিয়েরন পোলার্ড। এরপর ২০২৪ সালে নেপালের দীপেন্দ্র সিং আইরি ও সামোয়ার দারিউস ভিসে এই তালিকায় নাম লেখান। গত বছর জিব্রাল্টারের বিপক্ষে বুলগেরিয়ার মানান বাশির ছিলেন সর্বশেষ সদস্য তার পরেই এলেন ভুর্টেল।
চীনের বিপক্ষে ৪৩ বলে ১২৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ভুর্টেল। তার ব্যাটে ভর করে নেপাল ২০ ওভারে তোলে ৩১৩ রান, যা ম্যাচটিকে একতরফা করে দেয়। শেষ পর্যন্ত নেপাল জেতে ২২১ রানের বিশাল ব্যবধানে।

