মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে চীনের সীমান্তসংলগ্ন একটি বিদ্রোহী-নিয়ন্ত্রিত গ্রামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কং তাত গ্রামে স্থানীয় সময় দুপুরের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রভাবশালী সশস্ত্র সংগঠন তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে দুর্ঘটনাজনিত এ বিস্ফোরণ ঘটেছে।
টিএনএলএর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিস্ফোরণের ফলে বহু গ্রামবাসী হতাহত হয়েছেন এবং এলাকার অসংখ্য বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলের ভিডিওচিত্রে বিশাল গর্ত, ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবন এবং পোড়া গাছপালার দৃশ্য দেখা গেছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পর এলাকায় ব্যাপক আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাথমিকভাবে ঘটনাটিকে বিমান হামলা বলে ধারণা করেছিলেন।
বিশ্লেষকদের মতে, মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী তাদের কার্যক্রম পরিচালনার অর্থায়নের জন্য খনিজ সম্পদ উত্তোলনের ওপর নির্ভরশীল। তবে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে এসব খনিতে প্রায়ই দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনা ঘটে।

