রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়কের পরিস্থিতি পরিদর্শন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
রনি জানান, প্রধানমন্ত্রী দেখতে চেয়েছেন রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কতটা সুষ্ঠুভাবে হচ্ছে। এজন্য তিনি নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন সড়ক ঘুরে দেখছেন এবং কোথাও কোনো সমস্যা আছে কি না তা পর্যবেক্ষণ করছেন। তার গাড়ি গুলশান-১ নম্বর মোড় হয়ে হাতিঝিল, রামপুরা রোড, মালিবাগের আবুল হোটেল, তালতলা মার্কেট হয়ে বাসাবোর দিকে যায়।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর গাড়িতে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।
এরপর প্রধানমন্ত্রীর গাড়িবহর কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক, নারিন্দা, রায়সাহেব বাজার মোড়, আদালত সড়ক, নয়া বাজার, বংশাল রোড হয়ে গুলিস্তান, শাহবাগ, এলিফেন্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ, সীমান্ত স্কয়ার, জিগাতলা বাসস্ট্যান্ড, ধানমন্ডি সাত মসজিদ রোড, ২৭ নম্বর সড়ক, মানিক মিয়া অ্যাভিনিউ, পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি হয়ে মহাখালী পর্যন্ত বিভিন্ন সড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
উপ প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী যাত্রাপথে ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি থামিয়েছেন এবং সাধারণ যান চলাচলে কোনো ব্যাঘাত ঘটাননি। রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কি না তা নিশ্চিত করতেই তার এই সরেজমিন পরিদর্শন।

