ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া শিশুরা হলো রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামের রেজাউল করিমের ৯ মাস বয়সী ছেলে আয়ান করিম এবং ফরিদপুর শহরের হাড়োকান্দি মহল্লার কামরুল ইসলামের তিন মাস বয়সী ছেলে আব্দুল্লাহ।
ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে। জেলার হিসেবে সর্বোচ্চ চারজন করে মারা গেছে গোপালগঞ্জ ও ফরিদপুরে। মাদারীপুর ও রাজবাড়ীতে তিনজন করে এবং মাগুরা ও যশোরে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জন নতুন রোগী ভর্তি হয়। বর্তমানে দুটি হাসপাতালে মোট ১২৯ জন রোগী চিকিৎসাধীন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন এবং জেনারেল হাসপাতালে ৪৮ জন।
এ সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ জন রোগী। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৬ জন এবং জেনারেল হাসপাতাল থেকে ১৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

