রাত পোহালেই দেশব্যাপী উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের এই উৎসবকে সামনে রেখে রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে গরু-মহিষের বিক্রি বেড়েছে। তবে বিক্রি বাড়লেও বিক্রেতাদের মুখে সন্তুষ্টির ছাপ নেই। তাদের অভিযোগ, ঈদের আগ মুহূর্তে গরুর দাম কমে গেছে, ফলে কাঙ্ক্ষিত লাভ মিলছে না। এর সঙ্গে যোগ হয়েছে টানা বৃষ্টির দুর্ভোগ যা ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই হাটের পরিবেশকে আরও কঠিন করে তুলেছে।
বুধবার সকালে গাবতলী হাট ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে হাটের বিভিন্ন স্থানে পানি জমে কাদা ও কর্দমাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। পশু নিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে, অনেক জায়গায় পা ফেলার মতো অবস্থাও নেই। কাদায় পশু ওঠানামা, দেখাশোনা ও কেনাবেচায় ব্যাঘাত ঘটছে। দূর-দূরান্ত থেকে আসা খামারি ও ব্যবসায়ীরা জানান, এমন পরিস্থিতিতে পশু সামলানোই কঠিন হয়ে পড়েছে, তার ওপর বিক্রি কম দামে হওয়ায় ক্ষতির আশঙ্কা বাড়ছে। তারা দ্রুত পানি নিষ্কাশন ও হাটের পরিবেশ উন্নয়নের দাবি জানান।
এক বিক্রেতা জানান, তিনি ২২টি গরু নিয়ে হাটে এসেছিলেন। এর মধ্যে ১৫টি বিক্রি হলেও বাজার ভালো না থাকায় প্রত্যাশিত দাম পাননি। তার মতো আরও অনেক বিক্রেতাই একই অভিযোগ করছেন ক্রেতা আছে, বিক্রিও হচ্ছে, কিন্তু দাম কমে যাওয়ায় লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে।

