প্রধান খবর

জাল সনদে নিয়োগ: ২৪ শিক্ষককে মাউশির কারণ দর্শানোর নোটিশ

জাল সনদের মাধ্যমে চাকরি গ্রহণের অভিযোগে ২৪ জন কলেজপর্যায়ের শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাইয়ে তাদের সনদ জাল প্রমাণিত হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে পাঠানো তালিকায় মোট ৮৫ জন শিক্ষকের বিরুদ্ধে জাল বা ভুয়া প্রত্যয়নপত্র ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কলেজপর্যায়ে ২৪ জন এবং স্কুলপর্যায়ে ৬১ জন শিক্ষক রয়েছেন।

আদেশে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষকদের এমপিও সুবিধা বাতিল বা স্থগিত করা, ইতোমধ্যে গ্রহণ করা বেতন-ভাতা ফেরত আদায় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট গভর্নিং বডির মাধ্যমে তাদের নিয়োগ বাতিলের বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

নোটিশপ্রাপ্ত শিক্ষকদের ১০ কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাউশিতে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অংশ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *