লিবিয়ার উপকূলে অভিবাসী বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইটি শিশুও রয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, নৌকাটিতে থাকা ৫৫ জন যাত্রীর মধ্যে মাত্র দুজন নারী জীবিত উদ্ধার হয়েছেন। তারা দুজনই নাইজেরিয়ার নাগরিক। শুক্রবার লিবিয়ার কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে এবং জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
আইওএমের তথ্যমতে, উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল-জাওইয়া থেকে যাত্রা শুরুর প্রায় ছয় ঘণ্টা পর নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে এবং একপর্যায়ে এটি ডুবে যায়। নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীরা ছিলেন।
সংস্থাটি আরও জানায়, চলতি বছরে এখন পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৫০০ অভিবাসী নিহত অথবা নিখোঁজ হয়েছেন। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে ইউরোপে যাওয়ার প্রত্যাশায় লিবিয়া সাব-সাহারান আফ্রিকার অভিবাসীদের অন্যতম প্রধান যাত্রাকেন্দ্রে পরিণত হয়েছে।
আইওএম জানায়, জীবিত উদ্ধার হওয়া দুই নারীর একজন তার স্বামীকে এবং অপরজন তার দুই সন্তানকে হারিয়েছেন। সংস্থাটি আশঙ্কা করছে, মধ্য-ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় নিহত ও নিখোঁজের প্রকৃত সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়েও বেশি হতে পারে।

