প্রধান খবর

বারাকাহ পারমাণবিক স্থাপনায় ড্রোন হামলার পর জাতিসংঘে তীব্র সতর্কবার্তা

সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে ড্রোন হামলার পর পরিস্থিতিকে “অত্যন্ত উদ্বেগজনক” বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন মধ্যপ্রাচ্যের এই সক্রিয় পারমাণবিক স্থাপনাটি হামলার শিকার হলে পরিণতি হবে “সবচেয়ে মারাত্মক”।

গ্রোসি জানান, রাজধানী আবুধাবি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত বারাকাহ প্ল্যান্টে হাজার হাজার কিলোগ্রাম পারমাণবিক উপাদান রয়েছে। তার ভাষায়, সরাসরি আঘাতের ফলে পরিবেশে অত্যন্ত উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে, যা কয়েকশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চলে মানবজীবন ও পরিবেশের জন্য ভয়াবহ হুমকি তৈরি করবে।

তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতিতেই জরুরি সুরক্ষামূলক ব্যবস্থা প্রস্তুত রাখতে হবে এর মধ্যে রয়েছে মানুষকে দ্রুত সরিয়ে নেওয়া, আশ্রয় গ্রহণ এবং বিস্তৃত এলাকায় স্থিতিশীল আয়োডিন ব্যবহারের প্রস্তুতি।

এর আগে আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছিল, বারাকাহ বিদ্যুৎ কেন্দ্রের কাছে ড্রোন হামলার কারণে আগুন লাগে এবং হামলাটি ইরাকি ভূখণ্ড থেকে চালানো হয়েছিল। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

গ্রোসি তার বক্তব্যে স্পষ্ট করে দেন যুদ্ধ আবার শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। উদাহরণ হিসেবে তিনি সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার ঘটনাকে উল্লেখ করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *