প্রধান খবর

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও স্বজনদের মধ্যে। বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে ইমারজেন্সি অপারেশন থিয়েটারের পাশে পোস্ট অপারেটিভ রুমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় পোস্ট অপারেটিভ রুম, অপারেশন থিয়েটারসহ আশপাশের অংশ। এ সময় এসি ও অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের শব্দে আতঙ্ক আরও বেড়ে যায়, রোগীরা ছুটোছুটি শুরু করেন।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট যোগ দিলে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার অভিযানে কয়েকজন রোগী ও নার্সকে তৃতীয় তলার জানালা থেকে লাফ দিতে দেখা যায়। উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্যও আহত হন। আহতদের মধ্যে নার্স রিপা ও শারমিনকে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, আরও কয়েকজনকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে কর্তৃপক্ষ। হাসপাতালের গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম, ওটি বিভাগের মালামাল ও পোস্ট অপারেটিভ রুমের বড় অংশ পুড়ে গেছে বলে জানা গেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *