বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে কাতার। বিশেষ করে ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, এসি টেকনিশিয়ান ও প্লাম্বিং খাতে কর্মী নেওয়ার বিষয়ে দেশটি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। পাশাপাশি বাংলাদেশে কাতারের ভিসা সেন্টারের সংখ্যা বাড়ানোর বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে।
সোমবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি এ বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে জানানো হয়, কাতার বর্তমানে অদক্ষ শ্রমিকের পরিবর্তে দক্ষ কর্মী নিয়োগে অধিক গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশও সে অনুযায়ী প্রশিক্ষিত জনশক্তি তৈরির উদ্যোগ নিয়েছে।
বৈঠকে আরও জানানো হয়, মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে। কাতার ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় পেশায় বাংলাদেশিদের নিয়োগ বাড়ানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে।
এছাড়া, বাংলাদেশে বর্তমানে একটি মাত্র কাতার ভিসা সেন্টার থাকায় ভোগান্তি বাড়ছে বলে উল্লেখ করা হয়। এ কারণে অতিরিক্ত ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ জানানো হয়েছে এবং কাতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছে। দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের পরবর্তী বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

