ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এখন থেকে এই কৌশলগত জলপথ দিয়ে যেকোনো নৌযান চলাচলের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী ও আইআরজিসির সঙ্গে পূর্ব সমন্বয় বাধ্যতামূলক। বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান রুটে এমন ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
হরমুজ দ্বীপের দক্ষিণাঞ্চলীয় রেড বিচ এলাকা থেকে পাওয়া তথ্য বলছে, সেখানে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আইআরজিসির নৌবাহিনী দাবি করেছে, পুরো প্রণালিই এখন তাদের সামরিক নজরদারি ও নিয়ন্ত্রণের আওতায় রয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী বা শত্রুভাবাপন্ন দেশগুলোর কোনো সামরিক জাহাজকে এই প্রণালি ব্যবহার করতে দেওয়া হবে না। তবে বন্ধুভাবাপন্ন দেশগুলোর বাণিজ্যিক ও সাধারণ নৌযান আগের নিয়মেই চলাচল করতে পারবে।
সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল কিছুটা বেড়েছিল। বিভিন্ন সূত্র জানায়, বিশেষ করে চীনা কোম্পানির প্রায় ৩০ থেকে ৪০টি জাহাজ এই পথ অতিক্রম করেছে। তবে আইআরজিসির নতুন অবস্থান জানানোর পর গত ২৪ ঘণ্টায় অন্য কোনো জাহাজ চলাচলের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল।

