সাধারণ গ্রাহক পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৫ রুপি কমিয়েছে পাকিস্তান সরকার। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে দেশটির অর্থ মন্ত্রণালয়ের অধীন পেট্রোলিয়াম বিভাগ জানায়, নতুন দাম আজ ১৬ মে থেকে সারা দেশে কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৪০৯ দশমিক ৭৮ রুপি এবং হাই-স্পিড ডিজেল ৪০৯ দশমিক ৫৮ রুপিতে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, খুচরা পর্যায়ে যে দামে পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছিল, তার তুলনায় উভয় জ্বালানির দামই লিটারপ্রতি ৫ রুপি কমানো হয়েছে। তবে মাত্র দুই সপ্তাহ আগেই পেট্রোলের দাম লিটারপ্রতি ১৪ দশমিক ৯২ রুপি এবং ডিজেলের দাম ১৫ রুপি বাড়িয়েছিল সরকার। সেই বাড়তি দামের আংশিক সমন্বয় হিসেবেই এবার এই মূল্যহ্রাস করা হলো।
পাকিস্তান আন্তর্জাতিক বাজারের মূল্যায়নের ভিত্তিতেই জ্বালানি তেলের দাম নির্ধারণ করে থাকে। আগে প্রতি ১৫ দিনে একবার আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করা হতো। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে দেশটি প্রতি সপ্তাহে বৈশ্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করছে এবং সেই অনুযায়ী অভ্যন্তরীণ মূল্য সমন্বয় করছে।

