বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে মন্তব্য করেছেন সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং কিছুদিন নিয়মিত ক্লাসেও অংশ নেন।
আসিফ নজরুল বলেন, সে সময় তিনি আইন বিভাগের উচ্চবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং বিষয়টি ব্যক্তিগতভাবে অবগত ছিলেন। তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের মতো পরিচিত ব্যক্তিরাও ছিলেন।
পোস্টে তিনি আরও দাবি করেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত শঙ্কার কারণে তারেক রহমানের বিশ্ববিদ্যালয়জীবন দীর্ঘায়িত হয়নি। সে সময় দেশে এরশাদের শাসন চলমান ছিল বলেও উল্লেখ করেন তিনি।

