প্রধান খবর

১ আগস্ট চালুর লক্ষ্য বরিশাল শিশু হাসপাতাল

আগামী ১ আগস্টের মধ্যে বরিশাল শিশু হাসপাতাল চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানিয়েছেন, শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত হাসপাতালটির কার্যক্রম শুরু করা হবে।

সোমবার (১১ মে) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং নির্মাণাধীন ক্যানসার হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাসপাতালটি চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির তালিকা ইতোমধ্যে হাসপাতাল পরিচালকের কাছ থেকে নেওয়া হয়েছে এবং জুলাই মাসের মধ্যেই অধিকাংশ সরঞ্জাম পৌঁছে যাবে।

মন্ত্রী আরও জানান, ২০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালের জন্য নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, কার্ডিয়াক মনিটর, ফটোথেরাপি মেশিন ও ওয়ার্মারসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর কাছ থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক সংকট নিরসনে দ্রুত ১০ জন চিকিৎসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *