আন্তর্জাতিক বায়ুমান গবেষণামূলক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, গতকাল ৮ মে ২০২৬ শুক্রবার সন্ধ্যায় (রাত ৯টা) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সারা বিশ্বে বায়ুদূষণ মানের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে।
সংস্থাটির প্রকাশিত বায়ু মানের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা শহরের বায়ুমানের স্কোর ছিল ১৬৭। যা এই মেগাসিটিতে বসবাসরত সাধারণ মানুষের জন্য চরম স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিয়েছে।
আইকিউএয়ারের তথ্যানুযায়ী, একই সময়ে ১৫৯ স্কোর নিয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহর লাহোর এবং তৃতীয় স্থানে থাকা ভারতের শহর কোলকাতার বায়ুর মান ছিল ১৫১ স্কোর।
আজ রাত ৯টা হিসেবে সারা বিশ্বে দূষিত শহরের তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার রাজধানী উলনবাটর, যার বায়ুমানের স্কোর ১২৭ এবং পঞ্চম স্থানে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুর মান ছিল ১১৯ স্কোর।
তবে, উন্নত বায়ু মানের তালিকায় আজ সন্ধ্যায় হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের বায়ুর মান ছিল ৬ স্কোর। এছাড়া, অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ শহর ক্যানবেরা ও সিডনির বায়ুর মান ছিল যথাক্রমে ৬ ও ১৩ স্কোর।
বর্তমানে সারা বিশ্বে বায়ুদূষণ একটি অন্যতম বড় পরিবেশগত বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে শিল্পকারখানার ধোঁয়া, যানবাহনের ক্ষতিকর কার্বন নির্গমন, নির্মাণকাজ ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অধিকাংশ জনবহুল শহরের বায়ুমান দিন দিন খারাপ হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, টেকসই নগর পরিকল্পনা ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে অদূর ভবিষ্যতে বায়ু দূষণ পরিস্থিতি হয়তো আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

