প্রধান খবর

তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের দাবি, রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা

ভারতের তামিলনাড়ু রাজ্যে বিধানসভা নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠান জোহোর সহ-প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীল সরকার গঠন কঠিন হতে পারে।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতি-এর দল তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে) ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে জোট গঠন ও সমর্থন আদায়ের রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে শ্রীধর ভেম্বু দাবি করেন, বিদ্যমান পরিস্থিতিতে যে কোনো সরকারই চাপ ও সমীকরণের কারণে অস্থির হয়ে পড়তে পারে। তিনি রাষ্ট্রপতির শাসন জারি করে পুনর্নির্বাচনের আহ্বান জানান এবং নির্বাচনে কালো টাকার প্রভাব ঠেকাতে কঠোর নজরদারির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

এদিকে সরকার গঠনের লক্ষ্যে টিভিকে ইতোমধ্যে কংগ্রেসসহ কয়েকটি আঞ্চলিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছে। পাশাপাশি বিজেপির মিত্র দলগুলোর সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই তামিলনাড়ুর সরকার গঠন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *