দেশে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থাকে নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে বিদ্যুৎচালিত বাস চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানো এবং সড়কে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার হ্রাস করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গণপরিবহন ব্যবস্থায় জ্বালানি নির্ভরতা কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বিদ্যুৎচালিত বাস আমদানিতে শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। এতে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, সম্পূরক শুল্কসহ সব ধরনের কর অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। এতে উল্লেখ করা হয়, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহারের জন্য আমদানিকৃত ইলেকট্রিক বাস এই সুবিধার আওতায় থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান নিজে অথবা তাদের পক্ষে কোনো সংস্থা এসব বাস আমদানি করতে পারবে এবং একই সুবিধা পাবে। তবে এসব বাসের নির্দিষ্ট বৈশিষ্ট্যও নির্ধারণ করা হয়েছে বাসের রঙ হতে হবে হলুদ এবং ‘স্কুল’, ‘কলেজ’ বা ‘স্টুডেন্ট বাস’ শব্দগুলো স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

