ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি চারতলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন। রোববার ভোররাতে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মধ্যে দেড় বছর বয়সী এক শিশুও রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের দ্বিতীয় তলায় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, রোববার ভোর ৪টার দিকে যখন ভবনের বাসিন্দারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখনই দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে ততক্ষণে আগুন তৃতীয় ও চতুর্থ তলায় ভয়াবহ রূপ নেয়। প্রায় দুই ঘণ্টার টানা প্রচেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। ভবনটি থেকে অন্তত ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে এবং দগ্ধ হয়ে ৯ জন মারা যান।
নিহতদের পরিচয় শনাক্ত করেছে দিল্লি পুলিশ। জানা গেছে, দ্বিতীয় তলায় থাকা জৈন পরিবারের পাঁচ সদস্য—অরবিন্দ জৈন (৬০), তার স্ত্রী অনিতা, ছেলে নিশান্ত, পুত্রবধূ আঞ্চল ও দেড় বছর বয়সী শিশু আকাশ প্রাণ হারিয়েছেন। তৃতীয় তলা থেকে নিতিন জৈন (৫০), তার স্ত্রী ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া প্রথম তলায় শিখা জৈন নামে এক নারী মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে অভিহিত করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, স্থানীয় প্রশাসন, ডিডিএমএ এবং পুলিশ উদ্ধার তৎপরতায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে। শাহদারা জেলার ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মীনা জানিয়েছেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের ক্রাইম টিম।

