মিয়ানমারে সিমেন্ট পাচার সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছিলেন কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এক বাসিন্দা—এমন তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তার মোবাইল ফোনে কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণও মিলেছে। কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে চক্রের মূলহোতাসহ মোট ১৪ জনকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, সোমবার ভোর ৪টার দিকে বিসিজি স্টেশন সেন্টমার্টিন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৯০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটসহ ১৩ জনকে আটক করা হয়।
পরে আটক বোটের মাঝি চাঁন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড ও র্যাবের আরেকটি যৌথ অভিযানে উখিয়ার বালুখালী এলাকা থেকে চক্রের অন্যতম মূলহোতা মো. আজিম উল্লাহকে (৪০) গ্রেপ্তার করা হয়। তার মোবাইল ফোনে পাওয়া তথ্য থেকে পাচার সিন্ডিকেটের বিস্তৃত নেটওয়ার্ক সম্পর্কে ধারণা মিলেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সীমান্তঘেঁষা এলাকায় সিমেন্টসহ বিভিন্ন পণ্যের অবৈধ পাচার রোধে অভিযান আরও জোরদার করা হবে।

