চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের বর্তমান সময়ের দুই সেরা দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং বায়ার্ন মিউনিখ। প্যারিসের পার্ক দেস প্রিন্সেসে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে প্রথম লেগের এই বহুল প্রতীক্ষিত ম্যাচ। দুই দলের সাম্প্রতিক ফর্ম, স্কোয়াডের শক্তি এবং পরিসংখ্যান সব মিলিয়ে ম্যাচটি নিয়ে উত্তেজনা তুঙ্গে।
চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখ দুর্দান্ত ছন্দে আছে। শেষ ৪৯ ম্যাচে তাদের পয়েন্ট গড় ২.৭১, যেখানে পিএসজির ২.২৭। বায়ার্নের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণভাগ। হ্যারি কেন একাই করেছেন ৫৩ গোল, আর তার সঙ্গে মাইকেল ওলিসে ও লুইস দিয়াজ মিলে দলকে নিয়ে গেছেন ১৬৭ গোলের অবিশ্বাস্য উচ্চতায়। অন্যদিকে পিএসজির ভরসা ওসমানে দেম্বেলে ও কাভারাৎসখেলিয়া দুজনের গোলসংখ্যা ১৬ করে।
বেঞ্চের শক্তিতে পিএসজি এগিয়ে থাকলেও বায়ার্নের স্কোয়াড তুলনামূলক ছোট। গ্যানাব্রি, লেনার্ট কার্ল ও গেরেইরোকে পাচ্ছে না তারা। বিপরীতে পিএসজি কোচ লুইস এনরিকে জানিয়ে দিয়েছেন, তার সব খেলোয়াড় প্রস্তুত। আশরাফ হাকিমি, নুনো মেন্দেস ও ভিতিনহা চোট কাটিয়ে ফিরেছেন। বদলি হিসেবে বারকোলা বা গনসালো রামোস যেকোনো সময় ম্যাচের গতি বদলে দিতে পারেন।
দুই দলের শেষ ৯ বারের দেখায় বায়ার্ন টানা ৫ বার জিতেছে। যদিও ক্লাব বিশ্বকাপে বায়ার্নকে বিদায় করে প্রতিশোধ নিয়েছিল পিএসজি। আজকের ম্যাচে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে থাকতে পারবেন না যা পিএসজির জন্য বাড়তি সুবিধা হতে পারে।
চ্যাম্পিয়নস লিগের এই সেমিফাইনাল লড়াই তাই শুধু দুই দলের নয়, দুই দর্শন, দুই কৌশল আর দুই ফুটবল সংস্কৃতিরও মুখোমুখি সংঘর্ষ।

