মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় চারবার কালবৈশাখী ঝড় বয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে পল্লী বিদ্যুৎ সমিতির অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ ও বাঁশ পড়ে ১৯টি খুঁটি ভেঙে গেছে, ২৩টি খুঁটি হেলে পড়েছে এবং ২২৫ স্থানে তার ছিঁড়ে গেছে। এতে জেলার বেশিরভাগ গ্রাম বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, সদর, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, শ্রীমঙ্গলসহ সাতটি উপজেলায় বারবার ঝড়ের আঘাতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জেলার ৯ হাজার ৬২২ কিলোমিটার বিদ্যুৎ লাইনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তার-খুঁটি নয়, ৪২১ স্থানে লাইন হেলে পড়েছে, ৫৬টি মিটার ভেঙে গেছে, আর ২৭টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে।
বিদ্যুৎ বিভাগ জানায়, দ্রুত মেরামত কাজ চলছে। তবে জনবল সংকট এবং কয়েক ঘণ্টার ব্যবধানে একাধিক ঝড় হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, ফলে পুনরুদ্ধার কাজেও সময় লাগছে।
ঝড়ের কারণে বহু গ্রামে রাতভর অন্ধকার নেমে আসে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হয়। স্থানীয়রা বলছেন, এমন ঘনঘন ঝড় বহু বছর দেখা যায়নি।

