যুক্তরাষ্ট্রের Tampa শহরে অবস্থিত University of South Florida-এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা উদ্বেগ তৈরি করেছে। গত ১৬ এপ্রিল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে NBC News।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন জামিল লিমন (২৭) ও নাহিদা এস বৃষ্টি (২৭)। পুলিশ সূত্রে জানা গেছে, লিমনকে ওইদিন সকাল ৯টার দিকে তার বাসায় সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এ ঘটনায় Hillsborough County Sheriff’s Office নিখোঁজের প্রতিবেদন নথিভুক্ত করেছে।
অন্যদিকে, বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে শেষবার দেখা যায়। বিশ্ববিদ্যালয় পুলিশ তার নিখোঁজের ঘটনাও রেকর্ড করেছে।
পুলিশ জানিয়েছে, দুই শিক্ষার্থী একে অপরের পরিচিত এবং তারা একসঙ্গে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে পরিবারের সদস্যরা বলছেন, এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা তাদের স্বভাবসিদ্ধ নয়।
পরিবারের ভাষ্য অনুযায়ী, লিমন দায়িত্বশীল এবং কোনো পূর্বঘোষণা ছাড়া কোথাও চলে যাওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে বৃষ্টিও নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং নিখোঁজ হওয়ার দিনও স্বাভাবিকভাবে কথা বলেছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নিখোঁজ হওয়ার সময় বৃষ্টি তার ল্যাপটপ ও অন্যান্য সামগ্রী ল্যাবে রেখে যান, সঙ্গে ছিল না তার ফোন ও পার্স। অপরদিকে লিমনের পাসপোর্ট তার বাসা থেকেই উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত অব্যাহত রেখেছে।

