ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করতে বিনামূল্যে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। তিন মাস ধরে চলমান এই উদ্যোগে এখন পর্যন্ত ৩০৩ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছেন, এবং অংশগ্রহণকারীর সংখ্যা দ্রুত বাড়ছে।
ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী ছাত্র ও ছাত্রী উভয়কেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নারী প্রশিক্ষকের ব্যবস্থাও রাখা হয়েছে। অনেক নারী শিক্ষার্থী মোটরসাইকেল চালানো শিখতে চান, কিন্তু উপযুক্ত দিকনির্দেশনা বা নিরাপদ পরিবেশ না পাওয়ায় পিছিয়ে থাকেন এই কর্মসূচি তাদের জন্য কার্যকর ভূমিকা রাখছে।
প্রশিক্ষণ কার্যক্রমের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করতে এবং ক্যাম্পাসে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।

