প্রধান খবর

ঢাকায় আন্তর্জাতিক ফাইট নাইটের জমজমাট সমাপ্তি

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনা-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক ফাইট নাইট প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। তানভীর বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই আসরে মুইয়েথাই, মিক্সড মার্শাল আর্ট ও বক্সিং এই তিন ডিসিপ্লিনে দেশি-বিদেশি ফাইটারদের অংশগ্রহণে প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে।

শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান উপস্থিত ছিলেন। এছাড়া সাফওয়ান সোবহান, ইয়াশা সোবহান এবং এমিল আহমেদ সোবহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ গ্যালারি থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।

১২টি বাউটে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের মোট ২৪ জন প্রতিযোগী অংশ নেন। বিভিন্ন বাউটে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে বাংলাদেশের ইয়াহসান হাসিন ও মোহাম্মদ রাশেদ চ্যাম্পিয়নশিপ বেল্ট অর্জন করেন। এছাড়া ইমন তঞ্চঙ্গ্যা, হোসাইন আহমেদ, ইসার কবির, গাজ্জালী বেনজাদিদ জিদান, মাসাদুল রেজা অমিও, মনজুর আলম এবং নারী বিভাগে সানজিদা জান্নাত নিজ নিজ বাউটে জয় লাভ করেন।

আয়োজকদের মতে, এই ধরনের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা দেশের কমব্যাট স্পোর্টসকে জনপ্রিয় করার পাশাপাশি তরুণদের ক্রীড়ামুখী করতে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি দেশীয় ফাইটারদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ আয়োজনের পথ সুগম করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *