নাটোর শহরের বড় হরিশপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স রহিম ফিলিং স্টেশনে’ জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে বাইকার ও পাম্প কর্তৃপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে তেল বিতরণে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে মোটরসাইকেল চালকরা এই বিক্ষোভ ও সংঘর্ষে লিপ্ত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকেই জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন অসংখ্য মোটরসাইকেল চালক। অভিযোগ উঠেছে, লাইনে থাকা সাধারণ চালকদের উপেক্ষা করে পাম্প কর্তৃপক্ষ প্রভাবশালীদের বা বিশেষ উপায়ে অনিয়ম করে তেল দিচ্ছিল। একপর্যায়ে পাম্প কর্তৃপক্ষ হঠাৎ তেল শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিলে অপেক্ষমাণ চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ চালকরা তাৎক্ষণিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে চালকদের বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

