সারা দেশের সরকারি দপ্তরসমূহে শূন্যপদ পূরণে পাঁচ লাখ জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পাবনা–৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রম বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগ ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে শূন্যপদ পূরণে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর–সংস্থাগুলোতে বর্তমানে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

