ইরান থেকে নৌ-অবরোধ প্রত্যাহারে ট্রাম্পকে সৌদির চাপ

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিপর্যয় এড়াতে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। হরমুজ প্রণালিসহ ইরানের প্রধান বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিয়ে ওয়াশিংটনকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে রিয়াদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত কঠোর অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি প্রশাসন। রিয়াদের আশঙ্কা, হরমুজ প্রণালি অবরুদ্ধ করার এই কৌশল ইরানের সঙ্গে চলমান উত্তেজনাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। এর ফলে কেবল হরমুজ নয়, বরং আন্তর্জাতিক পণ্য পরিবহনের অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোতেও ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

উত্তেজনার সূত্রপাত ঘটে গত ২৮ ফেব্রুয়ারি, যখন ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক হামলা শুরু করে। এর জবাবে তেহরানও পাল্টা আক্রমণ চালায় এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। ইরানকে এই প্রণালি পুনরায় খুলে দিতে বাধ্য করতে ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর কঠোর নৌ-অবরোধের ঘোষণা দেন, যা গত সোমবার থেকে কার্যকর হয়েছে।

আরব কর্মকর্তাদের মতে, সৌদি আরব অত্যন্ত সতর্কতার সঙ্গে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে, এই অবরোধের পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান ‘বাব আল-মান্দেব’ প্রণালি বন্ধ করে দিতে পারে। লোহিত সাগরের এই প্রবেশপথটি অবরুদ্ধ হলে বিশ্বজুড়ে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও বর্তমানে এই ইস্যুতে সৌদি আরবের সরাসরি বিরোধিতা ট্রাম্প প্রশাসনের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। রিয়াদ এখন সামরিক শক্তির বদলে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে অবস্থান নিচ্ছে, যাতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *