ইরানের বন্দরগুলোতে পূর্ণাঙ্গ অবরোধ জারি করছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। আজ সোমবার ইরানের স্থানীয় সময় সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিট) এই অবরোধ কার্যকর হবে। অবরোধ কার্যকর হলে ইরানের কোনো বন্দরে নতুন জাহাজ ভিড়তে পারবে না এবং বর্তমানে যেসব জাহাজ সেখানে অবস্থান করছে, সেগুলোও বন্দর ত্যাগ করতে পারবে না। অবরোধ অমান্য করে কোনো জাহাজ প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হবে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকোম।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় সেন্টকোম জানায়, আরব সাগর ও ওমান উপসাগরসংলগ্ন ইরানি বন্দরগুলোসহ ইরানের সব বন্দরে এই অবরোধ সমানভাবে কার্যকর হবে। তবে হরমুজ প্রণালি দিয়ে ইরান ছাড়া অন্য দেশের বন্দরের উদ্দেশে যাতায়াতকারী জাহাজের চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।
সেন্টকোম আরও জানায়, বিভিন্ন দেশের বাণিজ্য জাহাজের সুবিধার জন্য অবরোধ কার্যকরের আগে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হবে এবং সেখানে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে। এই পদক্ষেপের ফলে ইরানের সামুদ্রিক বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়বে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

