হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত দিচ্ছে ভারত, হাসিনাকে হস্তান্তরের অনুরোধ

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে ফেরত পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে ভারত। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বুধবার (৮ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের ভারতের মাটিতে গ্রেপ্তার করায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিপূর্বেই এই দুইজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছেন। বাংলাদেশ সরকার এই বিচারিক রায় কার্যকর করতে ভারতের সহযোগিতা কামনা করেছে।

কূটনৈতিক আলোচনার পাশাপাশি সাধারণ নাগরিকদের জন্য একটি ইতিবাচক খবর দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আশ্বাস দিয়েছেন যে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া, বিশেষ করে মেডিকেল ও বিজনেস ভিসা প্রাপ্তি আগামী সপ্তাহগুলোতে আরও সহজতর করা হবে।

বিশ্লেষকরা মনে করছেন, অপরাধী হস্তান্তর এবং ভিসা সহজীকরণের এই আলোচনা দুই প্রতিবেশী দেশের মধ্যকার রাজনৈতিক জড়তা কাটাতে সহায়ক হবে। বিশেষ করে শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের হস্তান্তরের বিষয়টি দিল্লির জন্য একটি বড় সিদ্ধান্ত হতে পারে, যা আগামী দিনের দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপথ নির্ধারণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *