প্রধান খবর

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ দুইজনের মৃত্যু

মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুতা-উলু কেলাং এক্সপ্রেসওয়েতে (ডিউক) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নাগরিকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে আয়ের পানাস টোল প্লাজা থেকে আমপাংমুখী সড়কে তিনটি লরি এবং একটি পিকআপ ভ্যানের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সিটি ট্রাফিক এনফোর্সমেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সূত্রপাত হয় একটি বিকল লরিকে কেন্দ্র করে। ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় একটি লরি রাস্তার মাঝ লেনে থেমে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই লরিটির পেছনে সজোরে ধাক্কা দেয়। পরবর্তীতে আরেকটি লরি দুর্ঘটনাকবলিতদের সহায়তার জন্য থামলে, পেছন থেকে আসা তৃতীয় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সবকটি যানবাহনকে একসাথে ধাক্কা দেয়। এই ভয়াবহ সংঘর্ষের ফলেই প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতদের বয়স যথাক্রমে ৫২ ও ৫৩ বছর। তাদের মধ্যে একজন স্থানীয় মালয়েশিয়ান লরি চালক এবং অন্যজন প্রবাসী বাংলাদেশি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় তারা দুজনই নিজেদের যানবাহনের বাইরে অবস্থান করছিলেন। হঠাৎ আসা তৃতীয় লরিটির ধাক্কায় তারা পিষ্ট হন এবং মাথা ও শরীরে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩৮ বছর বয়সী এক বিদেশি নাগরিকও রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালয়েশীয় পুলিশ এই ঘটনাটি সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায় তদন্ত করছে। প্রাথমিক পর্যবেক্ষণে শেষের লরিচালকের অসতর্কতা ও নিয়ন্ত্রণ হারানোকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী বা কারো কাছে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা টুন এইচ.এস. লি ট্রাফিক পুলিশ স্টেশনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *