প্রধান খবর

ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ৫৪, মোট প্রাণহানি ১৪০০ ছাড়াল

গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায়ই ৫৪ জন নিহত এবং ১৫৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪২২ জনে এবং একই সময়ে আহত হয়েছেন আরও ৪ হাজার ২৯৪ জন। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ২ মার্চ হিজবুল্লাহর সীমান্তবর্তী হামলার পর নতুন করে সংঘাত শুরু হয় অঞ্চলটিতে।

এর পর থেকে হিজবুল্লাহও ইসরায়েলের বিভিন্ন এলাকায় রকেট হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা এবং ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়াতেই এসব হামলা চালানো হচ্ছে।

এদিকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর সময় নিজেদের গুলিতেই ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ। নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস গাই লুডার (২১)। তিনি কমান্ডো ব্রিগেডের ম্যাগলান ইউনিটের সদস্য এবং ইউভালিম এলাকার বাসিন্দা ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *