প্রধান খবর

ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত তারেক আলীর জানাজা চট্টগ্রামে সম্পন্ন

দীর্ঘ ২৭ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরলেন তিনি, তবে জীবিত নয়-নিথর দেহে। বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি এস এম তারেক আলীর জানাজা ও দাফন আজ শনিবার চট্টগ্রামে সম্পন্ন হয়েছে। দুপুরে নগরীর হালিশহরে জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

গত ২ মার্চ ইরান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বাহরাইনে পড়ে তারেক আলীর মৃত্যু হয়। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হন। আকস্মিক এই মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

নিহত তারেক আলীর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে হলেও তিনি পরিবার নিয়ে হালিশহরে বসবাস করতেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন। প্রায় দেড় বছর আগে তিনি শেষবারের মতো দেশে এসেছিলেন। দীর্ঘ প্রবাসজীবনের পর পরিবারের সঙ্গে স্থায়ীভাবে সময় কাটানোর স্বপ্ন নিয়েই তিনি আবার কর্মস্থলে ফিরেছিলেন, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

তার মৃত্যুতে স্থানীয়রা তাকে ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে স্মরণ করছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *