ইরানকে আবারও প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে এমন কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা চালানো হবে। এই সময়ের মধ্যেই তেহরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে হবে, নইলে দেশটির বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্য করে আঘাত হানা হবে।
ট্রাম্প বলেন, “আমাদের লক্ষ্য পুরোপুরি অর্জিত না হওয়া পর্যন্ত হামলা চলবে। এখন পর্যন্ত আমরা যতটা এগিয়েছি, বলতে পারি ইরানে মার্কিন লক্ষ্য খুব অল্প সময়েই শেষ করতে পারব।” তিনি আরও যোগ করেন, “আমরা আগামী দুই থেকে তিন সপ্তাহ ইরানের ওপর অত্যন্ত কঠোর হামলা চালাব। আমরা ইরানকে প্রস্তর যুগে ফেরত পাঠাব যেখানে তারা থাকার যোগ্য।”
তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, এমন ভাষা শুধু সংঘাতকে তীব্র করবে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আরও ঝুঁকির মুখে ফেলবে।

